স্পোর্টস ডেস্ক : আজ রবিবারের ভারতের বিপক্ষের দ্বিতীয় টি-২০ ম্যাচে নেই অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। শুধু আজকের ম্যাচ নয়, ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। গত শুক্রবারের প্রথম ম্যাচে ভারতের দুই উইকেট নিয়েছিলেন স্টার্ক।
পরিবারের কোনও সদস্যর অসুস্থতার জন্যই স্টার্কের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘যতটা সময় প্রয়োজন আমরা স্টার্ককে দেব। ও যখন উপযুক্ত মনে করবে, তখনই দলে ফিরতে পারে। পরিবারের সঙ্গে কথা বলেই ও নিজের ফেরার সঠিক সময় বেছে নেবে।’
এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। নেই অ্যাশটন আগরও। জেমস প্যাটিনসনকেও বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। এবার স্টার্ক। আজ ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামার আগে স্টার্কের অনুপস্থিতি বেশ বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। ইতিমধ্যেই স্পিনার ন্যাথন লায়ন, মিচেল সোয়েপসন এবং ডার্সি শর্টকে দলে নিয়ে আসা হয়েছে।
