আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের সব থেকে জনবহুল শহর মুম্বইতে ভূমিধস ও একটি দেয়াল ভেঙে পরে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। প্রবল বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। রোববার মুম্বইয়ের মাহুল এলাকায় ভূমিধসের কারণে একটি বড় দেয়াল একাধিক বাড়ির ওপরে ভেঙে পড়ে। এতে ১৪ জনের মৃত্যু হয়। দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনী মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। এখনো উদ্ধারাভিযান চলছে সেখানে। এ ছাড়া, ভিখরোলি এলাকায় ভূমিধসের কারণে একটি বাড়ি ভেঙে পড়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়, প্রায় ২ কোটি মানুষের বাস এই মুম্বই শহরে।
শনিবার থেকেই তীব্র বৃষ্টি হচ্ছে অঞ্চলটিতে। এরইমধ্যে শহরের প্রায় ১১টি বাড়ি বা দেয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
