×

বাইডেন-জিনপিং বৈঠক আজ

আর্ন্তজাতিক ডেস্ক: দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে আলোচনা হতে যাচ্ছে। গত সপ্তাহে গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে দুই দেশ যৌথ ঘোষণায় স্বাক্ষর করে বিস্মিত করেছে সবাইকে। তাই বলে সব সমস্যার সমাধান হয়ে যায়নি। পক্ষান্তরে তাইওয়ানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা দুই দেশের মধ্যে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে এই দুই শক্তিধর দেশের দুই নেতার মধ্যে তৃতীয় দফা আলোচনা হতে যাচ্ছে। এতে উঠে আসতে পারে কণ্টকিত কিছু ইস্যু। আলোচনার টেবিলে থাকবে সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো ইস্যু।

জানুয়ারিতে ক্ষমতায় এসেছেন জো বাইডেন। তখন থেকে এই দুই নেতার মধ্যে দুই দফা বৈঠক হয়েছে। তাতে তারা সম্পর্ক গভীর করার প্রত্যয় ঘোষণা করেছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র- চীন সম্পর্ক বিষয়ক জাতীয় কমিটির কাছে লিখিতভাবে শি জিনপিং জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সঠিক পথে আনতে কাজ করতে প্রস্তুত চীন। তিনি বলেছেন, এটা করতে যথাযথ ও একমাত্র পন্থা হল সহযোগিতা।