আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন যাত্রী মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
মঙ্গলবার (৩১ আগস্ট) দেশটির রাজধানী লিমা থেকে ৩৭০ মাইল পূর্বে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির
স্থানীয় পুলিশ কমান্ডার সিজার কারভান্টেস বলেন, দুর্ভাগ্যজনকভাবে এ পর্যন্ত ৩২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ছয় ও তিন বছরের দুটি শিশুও রয়েছে।
বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় সেটিতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। সেটি সরু রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হতাহতদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
