আর্ন্তজাতিক ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়া সশস্ত্র রাজনৈতিক দল তালেবানের অনুরোধে দেশটিতে পুনরায় তেল রফতানি শুরু করেছে ইরান।
সোমবার ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল পণ্য রফতানিকারক ইউনিয়নের মুখপাত্র হামিদ হোসাইনি তেহরান থেকে বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান।
তিনি বলেন, তালেবান ইরানের কাছে আফগানিস্তানে পেট্রোলিয়াম রফতানিতে অব্যাহত রাখার জন্য বার্তা পাঠিয়েছে।
তিনি বলেন, ইরানের তেল রফতানিতে ৭০ ভাগ শুল্ক তালেবানের তুলে নেয়ার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে আবার তেল রফতানি শুরু করে দেশটি।
দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।
চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা।
