×

গোয়েন্দাপ্রধানসহ দুই মন্ত্রী নিয়োগ দিল তালেবান

আর্ন্তজাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দূর হয়নি। জার্মানি বলেছে, ৩১ আগস্টের মধ্যে বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়া সম্ভব নয়। তালেবান এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা আর সময়সীমা বাড়াতে দেবে না। গতকাল মঙ্গলবার জি-৭ সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা। তবে রাত ৯টা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

এদিকে নতুন সরকার গঠনের অংশ হিসেবে দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। আফগানিস্তানের স্থানীয় বার্তা সংস্থা পাজহোকের উদ্ধৃতি দিয়ে গতকাল রয়টার্সের খবরে বলা হয়, গুল আগাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছে তালেবান। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ছদর ইব্রাহিম। গোয়েন্দাপ্রধানের দায়িত্ব পালন করবেন নাজিবুল্লাহ। রাজধানী কাবুলের মেয়র করা হয়েছে হামদুল্লাহ নোমানিকে। এর আগে গত সপ্তাহে মোল্লা শিরিনকে কাবুল প্রদেশের গভর্নর ঘোষণা করে তালেবান।

বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়তে না ছাড়তেই এক সপ্তাহের মধ্যে পুরো দেশ দখল করে নেয় তালেবান। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে নেয় কট্টর ইসলামপন্থী এই সংগঠন। এর পর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার জন্য জড়ো হচ্ছে কাবুল বিমানবন্দরে। সেখানে হুড়াহুড়িতে গতকাল পর্যন্ত প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু অনেক দেশ আশঙ্কা করছে, এই সময়সীমার মধ্যে আফগানিস্তান ছাড়া সম্ভব হবে না। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস গতকাল বলেন, ৩১ আগস্টের পর আরো কয়েক দিন সময় বাড়ালেও আফগানিস্তান ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। সাধারণ মানুষজনকে আফগানিস্তান থেকে বের করে আনার পর কিভাবে বিদেশি সেনারা আসবে, সে বিষয়ে অবিলম্বে রূপরেখা তৈরি করা জরুরি বলেও মন্তব্য করেন ম্যাস। তিনি বলেন, ৩১ আগস্টের সময়সীমা ঠিক রাখতে হলে ২৯ আগস্টের মধ্যে বেসামরিক লোকজনকে আফগানিস্তানকে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ সামরিক সরঞ্জামসহ বিদেশি সেনাদের আফগানিস্তান ছাড়তে অন্তত দুই দিন সময় লাগবে।

একই ধরনের প্রতিক্রিয়া এসেছে ফ্রান্সের কাছ থেকেও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সময়সীমা আর বাড়ানো না হলে সাধারণ মানুষজনকে নিয়ে আসা ফ্লাইট অবশ্যই ২৬ আগস্টের (আগামীকাল) মধ্যে শেষ করতে হবে। স্পেন বলেছে, ৩১ আগস্টের মধ্যে তাদের দূতাবাসের সব কর্মীকে আফগানিস্তান থেকে নিয়ে আসা সম্ভব হবে না। গত রবিবার জো বাইডেন বলেন, ‘আশা করি, সময়সীমা বাড়াতে হবে না।’ তবে গতকালের বৈঠক থেকে সময়সীমা বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের হিসাব অনুযায়ী, তালেবান ক্ষমতা দখলের পর গত ১০ দিনে প্রায় ৫০ হাজার মানুষ আফগানিস্তান ছেড়েছে। সূত্র : এএফপি, বিবিসি।