×

আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত মিয়ানমারের জান্তা প্রধান

আর্ন্তজাতিক ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হলেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। শুক্রবার আন্তর্জাতিক অপরাধী আদালত আইসিসিতে এ বিষয়ক এক শুনানি অনুষ্ঠিত হয়। মিয়ানমার একাউন্টিবিলিটি প্রোজেক্ট বা ম্যাপ ওই হেগ ট্রাইব্যুনালের কাছে একটি অপরাধ তদন্ত চালুর আবেদন জানায়। গত ১লা ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে মিয়ানমারে যে পদ্ধতিগত নির্যাতন ও সহিংসতা চালানো হয়েছে সেই তদন্ত চলবে এর অধীনে। অভিযোগে বলা হয়েছে, সেনা শাসনের বিরুদ্ধে চলমান আন্দোলন নিয়ন্ত্রণে বর্বর সব পদ্ধতি বেছে নিয়েছেন তিনি। এ কাজ করতে সেনা কর্মকর্তাদের বাধ্য করেছেন হ্লাইং। আইসিসিতে মিয়ানমারের সেনা প্রধানকে অভিযুক্ত করায় সন্তোষ জানিয়েছে মিয়ানমার একাউন্টিবিলিটি প্রোজেক্ট। এরফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা যাবে।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে থাকা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনা শাসন কায়েমের পর আন্দোলনে ফেটে পড়ে দেশটির নাগরিকরা। তবে এই আন্দোলন কঠিন ভাবে দমন করেন হ্লাইং। এতে এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনেরও বেশি আন্দোলনকারী নিহত হয়েছেন। এরমধ্যে রয়েছে ৭৫ শিশু।