×

পাটকলগুলো বেসরকারি খাতে দেওয়া হবে : পাটমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘কর্মকর্তা-কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে পাটকলগুলো আধুনিকায়ন করে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে।’ আজ শুক্রবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকারি পাটকলগুলোতে লোকসান অব্যাহত থাকায় প্রতি বছরই সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। বেসরকারি খাতে প্রতিষ্ঠিত পাটকলগুলো ভালো ব্যবসা করছে। গত বছর কৃষক পাটের মণ দুই হাজার টাকা পেলেও এ বছর সাড়ে তিন হাজার টাকা মণদরে বিক্রি করছে। এতে কৃষকরাও লাভবান হচ্ছে।’

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘করোনাকালীন গার্মেন্টস সেক্টরে ব্যবসায়ীদের অনেক অর্ডার বাতিল হওয়ায় মালিকরা ক্ষতির মধ্যে পড়েন। এই সেক্টরের ক্ষতি পুষিয়ে নিতে সরকার পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে। সরকারি প্রণোদনা পেয়ে গার্মেন্টস সেক্টর আবার ঘুরে দাঁড়িয়েছে। করোনার দ্বিতীয় ধাপেও যদি গার্মেন্টস সেক্টরে এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সরকার পুনরায় তাদের সহযোগিতা করবে।’

এরপর মন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় নির্মাণাধীন শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।