×

ইলিশের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঢাকা :  সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন,সরকারের সময়োচিত ও যথাযথ পদক্ষেপের কারণেই বর্তমানে ইলিশের উৎপাদন অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়া কোন পদক্ষেপ বা কর্মসূচি সফলতা পায় না উল্লেখ করে তিনি বলেন,‘ইলিশ সংরক্ষণে এ দু’টির সঠিক সমন্বয় ঘটেছে বলেই আমরা ভালো ফল পাচ্ছি। সরকার ইলিশের প্রজনন মৌসুমসহ ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলে পরিবারদের জন্য খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং এ সংক্রান্ত প্রকল্প গ্রহণ করেছে। সরকারের এসব কর্মসূচির কারণে বিগত দশ বছরে দেশে ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।’

প্রতিমন্ত্রী গতকাল শনিবার বিকালে রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেডের দিলকুশা হলে পদক্ষেপ বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০২০’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘর ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আদিবা আনজুম মিতা এমপি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও বাংলাদেশ কাস্টমস এর অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস।