বিনোদন ডেস্ক : সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আর্কাইভ সাজিয়ে তুলতে চান তার মেয়ে পৌলমী বসু। সৌমিত্রের দীর্ঘ রোগভোগ পর্বেই এই সংকল্প করেছিলেন তিনি। একটানা ৪০ দিন বাবার জন্য ছোটাছুটির পরে রবিবার সৌমিত্রের প্রয়াণ দিবসটির শেষে তার শরীর যেন ছেড়ে দিয়েছে। শেষকৃত্য সেরে বাবুঘাটে অস্থি ভাসিয়ে ফেরার পর থেকে চেপে বসেছে চরম ক্লান্তি। তবু পৌলমীর মনে একটাই শান্তি, ‘শেষ সময়ে বাবাকে যারা দেখছিলেন, তারা ভালবেসে দায়িত্ব পালন করছিলেন। ৪০ দিনেও বাবার বেডসোর হয়নি। ডাক্তার, নার্সদের কাছে আমি চিরঋণী।’ পৌমৈীকে এখন নানা দায়িত্ব নিয়েও ভাবতে হচ্ছে। তিনি বলেন, ‘‘আমি বা বাবা কেউই মৃত্যুর পরের কোনও অস্তিত্ব তেমন মানি না, পারলৌকিক আচারের আনুষ্ঠানিকতাতেও ভক্তি নেই। তবু আমাকেও কিছু কাজ করতে হবে। কারণ মা এসব মানেন।’’ আজ, মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি মন্দিরে পিতৃবিয়োগে কন্যার পালনীয় আচার সারবেন তিনি। পৌলমীর ভাই সৌগতও সময়মতো যা করার করবেন।
