×

নববর্ষ শোভাযাত্রায় বিধিনিষেধ, উদযাপন ভার্চুয়ালি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : জনসমাগম এড়িয়ে এবার ভার্চুয়ালি নববর্ষ উদযাপন করতে হবে। প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় জনসমাগম করে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। করোনার কারণে গত বছরও নববর্ষ উদযাপন করা যায়নি।

বুধবার ৭ এপ্রিল এমন নির্দেশনার চিঠি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মনিরুল আলম গণমাধ্যমে বলেন, ‘এ রকম অবস্থায় তো ফিজিক্যালি নববর্ষ আমরা পালন করতে পারব না। বাস্তব অবস্থা বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। করোনার এখন যে অবস্থা সেই অনুযায়ী নববর্ষ পালনের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। জনসমাগম করা যাবে না, ভার্চুয়ালি যতটা করা যায়। সবার আগে আমাদের জনস্বার্থ দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্দেশনাটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এই নির্দেশনার চিঠিটি পাঠিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ও আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে এই চিঠি দেয়া হয়েছে।’

নববর্ষ উদযাপনের অন্যতম অনুসঙ্গ মঙ্গল শোভাযাত্রা। গত বছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা হচ্ছে না বলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জানা গেছে।

করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে সাতদিনের লকডাউন শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন।