বিনোদন ডেস্ক : বিয়ে সেরে নেওয়ার পরিকল্পনা করেছেন টালিউড অভিনেত্রী অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন। ইনস্টাগ্রামে শেয়ার করা দু’টো ছবি সে রকমই বলছে। প্রথমটিতে নীল-তৃণার সঙ্গে অঙ্কুশ-ঐন্দ্রিলা। সম্ভবত কোনও আইনক্সে ছবি দেখতে গিয়ে চার মূর্তি এক সঙ্গে সেলফি তুলেছেন। তৃণাও আবার ফ্লায়িং কিস ছুঁড়েছেন। ক্যাপশনে লেখা ‘বেশরমস!’
পরের ছবিতে দেখা গিয়েছে গাড়ির শো-রুমে দ্বিতীয় যুগল। অঙ্কুশ ধূসর টি শার্ট, কালো জিন্সে যথারীতি হ্যান্ডসাম। ঐন্দ্রিলা ফ্লোরাল প্রিন্টের কালো শর্ট ড্রেসে দুষ্টুমিষ্টি। তাদের পছন্দও কালো স্কোডা। গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পোজও দিয়েছেন ঐন্দ্রিলা।
বন্ধুত্ব এবং প্রেম নিয়ে দেখতে দেখতে ১০ বছর পার করে ফেলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। পরিবার থেকে অনুরাগী মহল, কারওরই জানতে বাকি নেই তাদের প্রেম কাহিনি। অনির্বাণ-মধুরিমাকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে আনলেও চার হাত এক হওয়ার দিনক্ষণ এখনও গোপনেই।
টলিউডের নবদম্পতির ছবি পোস্ট করে টুইটারে শুধুই এটুকু জানিয়েছেন অঙ্কুশ, ‘শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যাচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতী-কে নিয়ে সারা জীবন সুখে থেকো।’
