নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে। গতকাল রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হবে। এ বিষয়ে হয়তো রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে। আপাতত প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হচ্ছে না। এ বিষয়ে দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে প্রাথমিক বিদ্যালয়গুলো ১ মার্চ থেকে খোলার প্রস্তুতি নিতে বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
উল্লেখ্য, দেশে প্রথমবার করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেড় বছর পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। একইভাবে বিশ্ববিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানও চালু হয়। এরপর করোনা বেড়ে যাওয়ায় ফের চলতি বছরের ২১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
