নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন বছরের প্রথম দিন দেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের ২০১০ সাল থেকে সরকার বিনা মূল্যে নতুন বই দিয়ে আসছে। আগামী বছরের প্রথম দিনেও প্রাক-প্রাথমিক থেকে প্রাথমিক স্তর ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করি, ইনশাআল্লাহ ১ তারিখের মধ্যে নতুন বই দিতে পারবো। সেটা প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের জন্য দিতে পারবো। মন্ত্রী বলেন, আমাদের একট বড় চ্যালেঞ্জ আছে কাগজের। বর্তমানে বিশ্ববাজারে কাগজের দাম বেড়েছে। এছাড়াও নানান কিছু রয়েছে। টেন্ডার প্রক্রিয়া যেটা, সেটাও নানান করণে বিলম্বিত হয়েছে। সবকিছু মিলিয়ে এখন বিদ্যুতেরও সমস্যা, আমরা আশা করছি সামনে লোডশেডিং কমে যাবে। গত দুই বছরেরর করোনার মধ্যেও আমরা যথাসময়ে বই দিয়েছি। এবারও সময় মতো নতুন বই দিতে পারবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আগামী বছরের জন্য প্রায় ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯২৩ কপি পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এগুলোর মধ্যে প্রাক্-প্রাথমিক থেকে প্রাথমিক স্তরের ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৯৭৮ কপি এবং মাধ্যমিক স্তরের জন্য মোট ২৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৯৪৫ কপি পাঠ্যবই ছাপানো হবে।
