নিজস্ব প্রতিবেদক, ঢাকা : শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ানো হলো। আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার দুপুর ১২টায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মন্ত্রী।
সংবাদ সম্মেলনে শিক্ষানমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হলে সেদিন থেকে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করা হবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুলে দেওয়া নির্ভর করছে শিক্ষক-শিক্ষার্থীদের সবাইকে করোনা টিকার আওতায় নিয়ে আসার ওপর।’
ডা. দীপু মনি বলেন, ‘যদি ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ব্যাচকে অগ্রাধিকার দেওয়া হবে। তাদের সপ্তাহের ছয়দিন ক্লাসে আসতে হবে। ২০২২ সালে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী তাদেরকেও হয়তো একই সময়ে ক্লাসে নিয়ে আসা হবে। অন্যান্য ক্লাসের ব্যাপারে হয়তো সপ্তাহে একদিন তাদের ক্লাসের নিয়ে আসা হবে।’
২০২০ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরুতে দেশে করোনাভাইরাস ধরা পড়ে। ৮ মার্চ সংক্রমণ বাড়তে থাকায় দেশে লকডাউন শুরু হয় ২৬ মার্চ থেকে। ফলে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাধারণ ছুটি ঘোষণার পর থেকে ধাপে ধাপে স্কুল-কলেজ-ইউনিভার্সিটির ছুটি বেড়েছে। এ বছরও ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়। তবে, করোনা পরিস্থিতি চলমান স্বত্ত্বেও স্কুল-কলেজ খুলতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
এ ব্যাপারে শিক্ষাব্যবস্থার সার্বিক পরিস্থিতি ও সরকারের অবস্থান বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানেই নতুন ছুটির ঘোষণা দেন তিনি।
