×

শাহজালালে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী দীপু মনি আশ্বাসের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় গোলচত্বরে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মুহাইমিনুল বাশার রাজ, সাব্বির আহমেদ, শাহরিয়ার আবেদীন, নাফিসা আনজুম, ইয়াছির সরকার, সুদীপ্ত ভাস্কর ছিলেন। তাছাড়া তাদের সঙ্গে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ছিলেন।

সংবাদ সম্মেলনে মোহাইমিনুল রাজ বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং দাবি পূরণের অপেক্ষায় থাকলাম।’

তিনি রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে ক্লাস-পরীক্ষা শুরু করার আহ্বান জানান।

গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী দীপু মনি সিলেট গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। তাছাড়া তিনি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে দুঃখ প্রকাশ করতে বলেন।

এর একদিনের মাথায় শনিবার দুপুরে উপাচার্য এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি ও লাঠিপেটার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা। এর জেরে ১৬ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠির পাশাপাশি কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।

এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন; এক পর্যায়ে তারা আমরণ অনশনে বসেন।

২৬ জানুয়ারি সেই অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসমিন হক।

অনশন ভাঙলেও নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।