×

কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি ‍যুদ্ধ। এইচএসসি পাস করে শিক্ষার্থীরা নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা কৃষিতে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিভাবকরাও ছুটছেন সন্তানের ভর্তি পরীক্ষার বন্দোবস্ত করতে। জেনে নিন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে কবে হচ্ছে ভর্তি পরীক্ষা ।

ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাবি ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।  ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ২১ মে থেকে।  

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।

বৈঠক শেষে অধ্যাপক সাদেকা হালিম বলেন, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে। 

তিনি জানান, এবার ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরের। এর মধ্যে লিখিত ৪০  ও বহু নির্বাচনী (এমসিকিউ) ৬০ নম্বরের।  এসএসসি ও এইচএসসি ফলের ওপর ২০ নম্বরের মূল্যায়ন থাকবে।  

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় :

আগামী ঈদের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতর আগামী ১৩ বা ১৪ মে উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে রমজান শুরু হতে পারে। আর ১৩ কিংবা ১৪ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ২০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি। এরপর মে মাসের তৃতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কোন তারিখে শুরু হবে, তা জানা যাবে বিশ্ববিদ্যালয় উপাচার্য পর্ষদের সভা শেষে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাবি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ জুন থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হবে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. আজিজুর রহমান।

জনসংযোগ প্রশাসক জানান, সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুন ২০২১ তারিখে C ইউনিট, ১৫ জুন ২০২১ তারিখে A ইউনিট ও ১৬ জুন ২০২১ তারিখে B ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল ৯:৩০ থেকে ১০:৩০ মিনিট; দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন ৭ মার্চ দুপুর ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত গ্রহণ করা হবে। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ বেলা ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করা যাবে।

২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা : দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

২০টি বিশ্ববিদ্যালয় হলো– পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র থাকবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা সুবিধামতো কেন্দ্র পছন্দ করতে পারবেন।

কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা :

দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিশিক্ষা প্রাধান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। এবারের এ ভর্তি পরীক্ষা কার্যক্রমে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় লিড ইউনিভার্সিটি হিসেবে দায়িত্ব পালন করবে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম মোট জিপিএ-৮ (চতুর্থ বিষয় বাদে) থাকতে হবে। পৃথকভাবে এসএসসিতে জিপিএ-৩.৫ এবং এইচএসসিতে জিপিএ-৩.৫ থাকতে হবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা। বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য পরে জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মেডিকেল ভর্তি : ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময় সোমবার (১ মার্চ) রাত ১২টায় শেষ হয়েছে। এ বছর মোট আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৭৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। কিছুসংখ্যক আবেদন এখনো লাইনে আছে।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।