×

চলে গেলেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : না ফেরার দেশে চলে গেলেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুলবুল চৌধুরীর ছেলে আর রাফি চৌধুরী গণমাধ্যমকে বলেন, ৬ মাস ধরে বাবার জ্বর ছিল এবং শরীরের ওজন কমে যাচ্ছিল। ফেব্রুয়ারিতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে বাবাকে হাসপাতালে নেয়া হয়। তখনই বাবার ক্যানসার ধরা পড়ে। রাফি চৌধুরী আরও বলেন, বাবার ক্যানসার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়ায় কিছু খেতে পারছিলেন না। কেমো দেয়ার মতোও শারীরিক অবস্থা ছিল না।

তাই চিকিৎসকের পরামর্শে বাসায় বাবার চিকিৎসা চলছিল।

১৯৪৮ সালের ১৬ই আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন বুলবুল চৌধুরী। চলতি বছরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন তিনি। এর আগে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন এই কথাসাহিত্যিক।