কষ্টের ফেরিওয়ালা, চির প্রেম বিরহের মানুষ,আধুনিক কবি হেলাল হাফিজ ভাল নেই।একাকীত্বকে সঙ্গী করে নিভৃতে জীবন যাপন করা এই কবি বেশ কিছুদিন ধরেই নানা রকম অসুস্থতায় ভুগছেন। হাসপাতালে ভর্তি করা জরুরি বলে তার ভাই নেহাল হাফিজ পরিবর্তন নিউজকে জানান।
তিনি আরও বলেন, কবি কাশি সহ ঠাণ্ডা ও জ্বরে ভুগছিলেন বিধায় করোনা টেস্ট করানো হয়।রিপোর্ট নেগেটিভ এলেও মাথা ঘোরা,খাবার অরুচি,নিউরোলজিক্যাল সমস্যা, মাথায় ব্যথা,চোখের গ্লকোমা সমস্যা, লাং ও কিডনিজনিত সমস্যা সহ প্রচণ্ড শারীরিক দুর্বলতা,কাশি ও ডায়াবেটিসে ভুগছেন জনপ্রিয় কবি হেলাল হাফিজ।
নানাবিধ অসুখে জর্জরিত কবি এখন শয্যাশায়ী।রাজধানী শাহবাগের একটি হোটেল রুমের চার দেয়ালের মধ্যেই রাতদিন নিঃসঙ্গ সময় কাটছে তার।প্রায় পনের দিন ধরে স্বাভাবিক চলাফেরা তার একেবারে বন্ধ।ফোনে কথা বলার শক্তিটুকুও নেই কবির।হোটেল রুমে নিভৃতে বসবাস করা কবি যেন বাস্তব জীবনেও রোগেশোকে কষ্টেরই ফেরি করে যাচ্ছেন……কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ… ।
নিঃসঙ্গ-নির্মোহ এই অসুস্থ কবির ইচ্ছে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেবার। কিন্তু আপনজনের সাথে অভিমান করে কারোর সহযোগিতা নিতে চান না তিনি।কবিরা হয়তো প্রেম,দ্রোহ,ভালবাসা,অভিমান লালন করতেই ভালোবাসেন।আর একারণেই জীবনের চরম সময়ে পা রেখেও সেই অভিমানের দেয়াল ভাঙতে চান না দুঃখকে আপন করা বাংলা ভাষার এই স্বতন্ত্র স্বরের কবি।অভিমানী লোক ছাড়া কোথা থেকে বের হবে এমন শব্দমালা! ‘আমাকে পাবেনা খুঁজে কেঁদে-কেটে মামুলী ফাল্গুনে’।
অভিমানী এই কবির অজস্র ভক্ত,অজস্র ভালবাসার মানুষ চারিদিকে।এসবই তার প্রাপ্তি। মামুলীফাল্গুনে শুধু কবিকে পাবার জন্য নয়,কবি সুস্থ হয়ে সব ঋতুতে প্রেমের, ভালবাসার কষ্ট বিলিয়ে বেড়াবেন কবিতার মধ্য দিয়ে।এই আশা করাই যায়।
পরিবারের সাথে অভিমান থাক।অজস্র ভালবাসার মানুষ দায়িত্ব নিয়ে, ভালবাসার দায় নিয়ে,কবির কবিতার দেনা শোধাতে এই সংকটে এগিয়ে আসুক। শুধু কবিতাখাদক মানুষ কেন, রাষ্ট্রেরও কিছু দায় আছে কবির প্রতি। কবির শুভাকাঙ্ক্ষীরা আশা করেন,‘‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়”।
ঊনসত্তর থেকে নব্বইয়ের স্বৈরাচারী আন্দোলনে তরুণদের উজ্জীবিত করা এই বুলেট, এই বজ্রধ্বনির নায়ক কবি হেলাল হাফিজের প্রতি রাষ্ট্র নজর দিক।যার কবিতায় জাগরণী বীণা ঝংকার তুলে কাঁপিয়ে দিয়েছিল স্বৈরাচারের মসনদ।
প্রেম ও বিরহের কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর শেষ দিকে ১৯৮৬ সালে তাঁর প্রথম কবিতা সংকলন ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয়। প্রকাশিত হবার পরপরই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। কর্মজীবনে সাংবাদিকতার পাশাপাশি করেছেন সাহিত্য সম্পাদনা। ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।
