নিজস্ব প্রতিবেদক, ঢাকা : `বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে তিনি বলেন, মীমাংসিত বিষয় নিয়ে আপস করার কোনো সুযোগ নেই। ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ-পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। উন্নয়ন-অর্জনে কোনো লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সঙ্গে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করারও আহ্বান জানান কাদের।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতিমধ্যে যাঁরা বিদ্রোহ করে নির্বাচিত বা পরাজিত হয়েছেন, তাঁদের আর দল থেকে মনোনয়ন দেওয়া হবে না।
শিগগিরই বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা হবে বলে তিনি জানান।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার, সাবেক মন্ত্রী শাহাজান কামাল, সাংসদ আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী প্রমৃখ নেতৃবৃন্দ।
