×

টঙ্গীতে চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় রোববার সকালে অভিযান চালিয়ে একশ’ লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো-টঙ্গীর পূর্ব ভরান মুন্সিপাড়া রোডের মৃত হেকমত আলীর ছেলে জাকির হোসেন (৪৯) ও নারায়নগঞ্জের নন্দীপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে সুমন (৪০)।

গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


র‌্যাব জানায়, টঙ্গী বাজার পৌর ভূমি অফিসের সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‌্যাব-১ এর একদল সদস্য সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা জাকির হোসেন ও সুমনকে হাতেনাতে গ্রেফতার করে। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে দুইশ’ পঞ্চাশ বোতলে ভরা একশ’ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত গাজীপুর, টঙ্গী পূর্ব থানা এলাকাসহ আশপাশে অবৈধভাবে চোলাইমদের ব্যবসা চালিয়ে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে।