×

মক্তব শেষে বাড়ি ফেরা হলোনা সুবর্ণার

রাজন্য রুহানি, জামালপুর: স্থানীয় মসজিদে মক্তবপাঠ শেষে আর বাড়ি ফেরা হলোনা চতুর্থ শ্রেণির ছাত্রী সুবর্ণার। প্রাইভেটকার ও মোটর সাইকেলের পাশাপাশি ধাক্কায় রাস্তার পাশে সহপাঠীদের জন্য অপেক্ষা করে প্রাণ হারাল সে।

নিহত সুবর্ণা মনিরাজপুর এলাকার মো. সজিব হোসেনের মেয়ে। সে স্থানীয় বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

জামালপুর-দেওয়ানগঞ্জ হাইওয়ের জামালপুর শহরের মনিরাজপুর মোড় এলাকায় রাস্তার পাশে জাবালে নূর মসজিদে সকালের মক্তবপাঠ শেষে রাস্তা পার হয়ে সহপাঠীদের জন্য মসজিদের দিকে তাকিয়ে ছিল সুবর্ণা। কাছেই বাড়ি। প্রতিদিন সহপাঠীদের সাথে গল্প করে সে বাড়ি ফেরে।

আজ শনিবার (২৮ নভেম্বর) মক্তবের শিক্ষককে আগেভাগেই পড়া তৈরি করে দিয়ে বাড়ির উদ্দেশ্যে মসজিদ থেকে সে বের হয়। পার হয় হাইওয়ে রাস্তাও। কিন্তু সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে সহপাঠীদের আসার অপেক্ষায়।

তখন সকাল ৮ টা। এ সময় ওই রাস্তা দিয়ে দেওয়ানগঞ্জগামী একটি প্রাইভেটকার যাচ্ছিল। পশ্চিম দিকের যোগীরঘোপা লিংকরোড থেকে হাইওয়েতে উঠছিল স্থানীয় মসজিদের এক ইমামের চালিত মোটর সাইকেল। প্রাইভেটকার ওই মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে ডানদিকে বাঁক নেয়। ডানদিকে (পূবপাশে) সুবর্ণা দাঁড়িয়েছিল। তাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেই প্রাণ হারায় সুবর্ণা। এ সময় আহত হন মোটর সাইকেল আরোহী ইমাম রফিউদ্দিন উজ্জল।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, সকালে মক্তবপাঠ শেষে মসজিদ সংলগ্ন রাস্তা পার হয়ে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল সুবর্ণা। এ সময় দেওয়ানগঞ্জগামী একটি প্রাইভেটকারের সাথে পাশের যোগীর ঘোপা রাস্তা থেকে হাইওয়েতে ওঠা একটি মোটরসাইকেলের পাশাপাশি ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সুবর্ণাকে ধাক্কা দিয়ে পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় মসজিদের ইমাম রফিউদ্দিন উজ্জল আহত হন। গুরুতর আহতবস্থায় সুবর্ণাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর মারা যায় সে। আহত ইমাম রফিউদ্দিন উজ্জলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর পালিয়ে যায় প্রাইভেটকারের চালক। পুলিশ ওই প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ- ৩৫-৯৪৩৬) জব্দ করে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এক মোটর গ্যারেজে মেরামতের জন্য রেখেছে। মেরামত শেষে সচল হলেই থানার জিম্মায় রাখা হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

এদিকে, ময়নাতদন্ত ছাড়াই নিহত সুবর্ণার জানাজা ও দাফন জোহর নামাজের শেষে সম্পন্ন হয়েছে।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, মনিরাজপুর মোড় এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী সুবর্ণা ও ইমাম উজ্জলকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মারা যায় সুবর্ণা।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।