×

প্রেসিডেন্ট পাবনা যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক: দেশের ২২তম প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের নিজ জেলা পাবনায় প্রথম সফরকে কেন্দ্র করে সাজসাজ রব বিরাজ করছে। আবেগে ভাসছেন পাবনাবাসী। ১৫ই মে ৪ দিনের সরকারি সফরে তিনি নিজ জেলা পাবনায় আসছেন। বীর মুক্তিযোদ্ধা এবং পাবনার এই কৃতী সন্তানের সফরকে ঘিরে পাবনা শহরসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সড়ক-মহাসড়কগুলো। প্রেসিডেন্টের যাতায়াতের সড়ক ও পরিদর্শনের স্থানগুলো মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্ন, সৌন্দর্য বর্ধনে চলছে মহাকর্মযজ্ঞ। আগামীকাল সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে প্রেসিডেন্টকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেয়া হয়েছে।

এ উপলক্ষে পাবনা চেম্বার অব কমার্সের উদ্যোগে শহরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল বের হয়। হাতি ও বাজনাসহ ব্যানার ফেস্টুন নিয়ে সর্বস্তরের মানুষের এ আনন্দ মিছিল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তিনি পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য। আগামীকাল সকাল ১১টায় পাবনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

মহামান্য প্রেসিডেন্টের পাবনা প্রেস ক্লাবে আগমন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান ক্লাব প্রেসিডেন্ট এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ।
প্রেসিডেন্ট সার্কিট হাউজে থাকবেন। সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। তিনি হেলিকপ্টার যোগে স্টেডিয়ামে অবতরণ করবেন সেখানেও নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। রাষ্ট্র্রপতি মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠাসহ শিক্ষা এবং রাজনীতির হাতেখড়ি পাবনায়। মুক্তিযুদ্ধের বীর সেনানী ছিলেন। বিচারক হিসেবেও তিনি অসামান্য সাফল্যের স্বাক্ষর রাখেন। এসএসএফ, পিজিআর, ডিজিএফআই, এনএসআই, পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় অনুষ্ঠানস্থানগুলো পরিদর্শন ও তদারকি করছেন। হেলিকপ্টারযোগে পাবনা স্টেডিয়ামে অবতরণ করবেন বলে সেখানেও নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

এ ছাড়া পাবনা ডায়াবেটিস সমিতি, সদর গোরস্তান, জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক এবং স্কয়ার বাগানবাড়ি ও পারিবারিক কবরস্তানসহ পেসিডেন্টের সফরসূচির স্থানগুলোতে কর্মযজ্ঞ চলছে।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, প্রেতিডেন্ট নিজ জেলায় আসবেন। জেলাবাসীর জন্য এটি খুবই আনন্দের খবর। বরণের প্রস্তুতি শেষের দিকে। নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পাবনাকে। প্রেসিডেন্ট বিশেষ নিরাপত্তা বাহিনীসহ (এসএসএফ) সব বাহিনীর গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের বৈঠকও হয়েছে। নিরাপত্তার দিক দিয়ে কোনো ঘাটতি রাখা হয়নি।