নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুরের টঙ্গী মধ্যআরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তিন নারী প্রতারকসহ চারজনকে গ্রেফতার করে শুক্রবার গাজীপুর আদালতে প্রেরণ করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সাবানা আক্তার (২২), সাথী আক্তার (২০), ঝর্ণা ওরফে সুমি (২০) ও নাঈম আহমেদ রিশাদ (২১)।
তাদের বিরুদ্ধে টঙ্গী বাজারের ব্যবসায়ী জাহাঙ্গির আলম রাজুর কাছ থেকে প্রতারনা করে নগদ ও বিকাশের মাধ্যমে ৩ লাখ ৭৮ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় মধুমিতা রোড এলাকায় টঙ্গী বাজারের নানা ওয়াহেদিয়া সুপার মার্কেটের কসমেটিক্স ব্যবসায়ী রাজুকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে আনে নারী প্রতারক সাবানা আক্তার। পরে ওই ব্যবসায়ীকে কৌশলে সাবানার সহযোগী সাথী ও ঝর্ণাদের বাসায় নিয়ে আটক করে। এ সময় ওই নারীরা বিভিন্ন অশালীন ভঙ্গিতে রাজুকে জড়িয়ে ধরে ছবি তুলে ছবিগুলো তার পরিবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে তার পকেটে ও মানিব্যাগে থাকা নগদ ২ লাখ টাকা লুটে নেয়। পরে রাজুর ওপর প্রতারকচক্র সারারাত শারীরিক নির্য়াতন চালিয়ে তার এটিএম কার্ড ও বিকাশ করা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর মাধ্যমে এটিএম বুথ ও রাজুর বিকাশ একাউন্ট থেকে আরো ১ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলন করে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
এ ঘটনায় রাজু গত বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করলে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ বিকাশ ব্যবসায়ী রিশাদ এবং ওই ৩ নারী প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের শেষে সকলকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
