স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় বাংলাদেশ। আজ আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশনে নেমে ব্যর্থ হয় টাইগাররা। তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে লজ্জা এড়ায় সফরকারীরা।
আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১২৪। জবাবে ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় আয়ারল্যান্ড।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। রস অ্যাডায়ারকে (৭) ফিরিয়ে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ৪১ রানে লরকান টাকারকে (৪) শরিফুল ইসলাম। ১০৯ রানে তৃতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরেন ম্যাচ সেরা পল স্টার্লিং। অভিষিক্ত রিশাদ হোসেনের বলে আউট হওয়ার আগে ৪১ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক। শেষে হ্যারি টেক্টর ১৪ এবং কার্টিস ক্যাম্ফার ১৬ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশের তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।
