×

৫ সিটিতে নির্বাচন মে-জুনে

নিজস্ব প্রতিবেদক: পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সংসদ নির্বাচনের আগেই মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের ভোট হবে।

আজ বুধবার নির্বাচন কমিশনের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন হবে জুনের পরে। কোনটা কখন হবে তখন জানাব। মে থেকে জুনের মধ্যে নির্বাচন করতে হবে। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। সে জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ের তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।’

ইসি সচিব জানান, পাঁচটি সিটি নির্বাচন সংসদ নির্বাচনের আগে করতে হবে। এপ্রিলে পবিত্র রমজান শেষে এসএসসি পরীক্ষা ২৩ মে পর্যন্ত চলার কথা, জুনে কোরবানির ঈদ। ঈদুল আজহার আগে এবং এসএসসি পরীক্ষা শেষে এর মধ্যবর্তী সময়ে এ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে তফসিলের সময় কোনটা কোন তারিখে হবে, তা বিস্তারিত জানানো হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন সচিব।

আগামী নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে ইসি সচিব বলেন, মেশিন টুলস ফ্যাক্টরি থেকে প্রাপ্ত তথ্যমতে, ১ লাখ ১০ হাজার মেশিনকে মেরামত করতে হবে। এগুলো মেরামত করে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যবহার করতে আপ্রাণ চেষ্টা করবে ইসি। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে কতটি ইভিএম কার্যক্ষম ও কতটি আসনে ইভিএম ব্যবহার হবে, তা চূড়ান্ত করা হবে। এটা কমিশন সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে অর্থ ছাড়ে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি।

সচিব জানান, যত দূর সম্ভব বেশিসংখ্যক আসনে ইভিএমে ভোট করা হবে। নির্বাচনী এলাকার ভোটারসংখ্যা একেক জায়গায় একেক রকম। যদি ছোট এলাকা নেওয়া যায়, তাহলে বেশি আসন নেওয়া যাবে। বড় এলাকা হলে কম আসনে ইভিএম করতে হবে।