ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : প্রথম জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২০-২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন। খেলায় অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ এবং রানার্স আপ হয়েছে হরিয়ান ফুটবল একাডেমী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘জাহানারা জামান একজন মহীয়সী নারী ছিলেন। আমার পিতা শহীদ কামারুজ্জামান যখন শহীদ হন, আমরা তখন ছোট ছিলাম। মা জাহানারা জামান আমাদের প্রতিষ্ঠিত করেছেন, তিনি স্বামীর স্মৃতি জাগিয়ে রাখতে অনেক কাজ করে গেছেন। জাহানারা জামানের প্রতি শ্রদ্ধা নিয়ে ফুটবল লীগের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
মেয়র আরো বলেন, ‘রাজশাহীতে খেলাধূলায় প্রাণ ফিরে এসেছে। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে এখান থেকে অতীতের মতো আগামীতেও জাতীয় দলের খেলোয়াড় তৈরি হয়। করোনার দ্বিতীয় ওয়েভ শিথিল হলে অতীতের ন্যায় কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে।’
রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী অনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার, রাজশাহী বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন।
স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের ২য় ও ৩য় বিভাগ ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান রতন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে ১ম জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২০-২১ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।
