বিনোদন প্রতিবেদক : মঞ্চে নাচের সময় নায়িকাকে কোলে তুলতে গিয়ে হুড়মুড় করে পড়ে যান নায়ক। তাৎক্ষণিকভাবে দ্বিতীয়বারের চেষ্টায় নায়িকাকে কোলে নিতে পেরেছেন! এতে অবশ্য উপস্থিত দর্শক বেশ মজা পেয়েছেন। হেসে লুটোপুটি খেয়েছেন সবাই।
সম্প্রতি শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ঘটনার নায়ক নিরব এবং নায়িকা ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অপু বিশ্বাস।
এ নিয়ে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে নায়ক নিরবের সঙ্গে একটি গানে মঞ্চে পারফর্ম করেন অপু। নাচের একটি অংশে অপুকে কোলে তুলতে যান নিরব। কিন্তু হাত ফসকে বা অন্য কোনো অসাবধানতায়, যে কারণেই হোক দুজনেই মঞ্চে পড়ে যান। এ সময় দুজনেই হাসছিলেন। হাসছিলেন সহশিল্পীরাও।
অবশ্য তাৎক্ষণিকভাবে অপুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে নেচে সবাইকে তাক লাগিয়ে দেন নিরব!
পরে জানা গেছে, নায়ক-নায়িকা গুরুতর আঘাত পাননি। তবে এই কাণ্ডে দর্শক সারিতে অনেককে হাসতে হাসতে লুটোপুটি খেতে দেখা গেছে। অনুষ্ঠানে বাড়তি আনন্দযোগ হয়েছে বলা চলে।
