×

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম শুধু বাংলাদেশ নয় বিশ্বের অন্যান্য দেশেও বৃদ্ধি পেয়েছে, তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার।
শুক্রবার কুমিল্লায় প্রস্তাবিত শেখ কামাল ক্রীড়া পল্লীতে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এক্স ক্যাডেট ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে অনেক শিল্প-কলকারখানায় উৎপাদন হ্রাস পেয়েছে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল, জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ভারত, চীন, ইংল্যান্ড, সিঙ্গাপুরসহ প্রায় বিশ্বের সকল দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিশ্ব বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ নয়। যার ফলশ্রুতিতে দেশেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কিছুটা মূল্য বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ইচ্ছে করলেই তো হঠাৎ করে সব পণ্যের দাম কমানো সম্ভব নয়। তারপরেও সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নাগালে রাখার চেষ্টা করছে সরকার। আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে যাতে মানুষ কম মূল্যে ক্রয় করতে পারে।

তাজুল ইসলাম বলেন, বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে। সে হিসেবে পণ্যের চাহিদাও বেড়েছে। তাই মূল্যের ওপর প্রভাব পড়েছে।

উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় পণ্যের দাম বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিওয়াইসিএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল ইসলাম সাক্কু, জেলা প্রসাশক মোহাম্মদ কামরুল হাছান, পুলিশ সুপার ফারুক আহমেদ, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের ৪২টি জেলা থেকে ৪০০ জন ক্যাডেট দুই দিনব্যাপী এই ক্যাম্পে অংশ নিচ্ছেন।