×

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মুর্শেদা (৫০) ও দুদু মিয়ার (৬০) মৃত্যু হয়। ফরিদ মিয়া (৪৫) ও হোসনে আরা (৪৮)কে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

সরাইল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে হোসনে আরা নামের একজন মারা যান। ফরিদ মিয়া নামের আরও একজন ঢাকায় নেওয়ার পথে মারা যান।

ওসি আরও জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।