×

বিমানবন্দর সড়কে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাঠাও চালক রফিকুল ইসলাম (৪০) ও মোছা. কাজল আক্তার (৩৫) ।
আজ ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই।
তিনি জানান, রাত সাড়ে তিনটার দিকে কোন একটা দ্রুতগামী গাড়ি তাদেরকে চাপা দেয়। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। আমরা গাড়িটি এখনো শনাক্ত করতে পারিনি। সিসিটিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এত পরে জানানো হবে।

নিহত পাঠাও চালকের ফুপাতো ভাই মোঃ ফুয়াদ হাসান জানান, আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে মর্গে এসে লাশ শনাক্ত করি।
আমার ভাই, মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন। গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার জগতপুর গ্রামে। তিনি নুরুল ইসলাম এর সন্তান। বর্তমানে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় থাকতেন। নিহত রফিকুল ইসলাম তিন মেয়ের জনক ছিলেন।

এদিকে নিহত কাজলের মা হাসিনা বেগম জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করি। তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি, ঝালকাঠি জেলার, নলছিটি উপজেলার, রানা পয়সা গ্রামের, মৃত আবদুল বারিকের মেয়ে। নিহত কাজল আক্তার দুই ছেলে এক মেয়ের জননী ছিলেন। বর্তমানে তিনি খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় থাকতেন।