আর্ন্তজাতিক ডেস্ক : ‘ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্বে থাকা সংস্থার কর্মচারীগণ যা করার প্রয়োজন করুক’। এক টুইট বার্তায় একথা বলার মাধ্যমে বস্তুত নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের সম্মতি জ্ঞাপন করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাইডেন টিম। জিএসএ প্রশাসক এমিলি মারফি বলেছেন, তিনি নতুন প্রেসিডেন্টের জন্য ৬৩ লাখ ডলার অবমুক্ত করেছেন।
তবে তিনি নির্বাচনে পরাজয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। এমনই জানা গেছে মার্কিন গণমাধ্যমে।
বাইডেনকে ‘আপাত বিজয়ী’ হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে, মূলত মিশিগানে নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে হাতে আসার পরপরই বাইডেনের বিজয় চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে। জানিয়েছে যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন (জিএসএ)।
এক বিবৃতিতে বাইডেন টিম ক্ষমতা হস্তান্তর প্রকৃয়া শুরুকে স্বাগত জানিয়ে বলেছেন, মহামারি নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে গতি আনাসহ জাতির সামনে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আজকের এই সিদ্ধান্তটি প্রয়োজনীয় পদক্ষেপ ।
‘ভালো লড়াই’ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে ট্রাম্প বলেছেন, ‘জাতির বৃহত্তর স্বার্থে এমিলি ও তার টিমের করনীয় কাজটাই করা উচিৎ। এবং আমার টিমকেও তাই বলেছি।’ এমিলি মারফিকে ট্রাম্পই জিএসএ প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছিলেন।
তিনি নির্বাচনের ফল সার্টিফিকেশন ও আইনি চ্যালেঞ্জসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে তার সিদ্ধান্তের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তবে হোয়াইট হাউসের দিক থেকে কোনো চাপের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেছেন।
এমিলি বলেন, ‘আমি পরিষ্কার করতে চাই যে আমি প্রক্রিয়াটি বিলম্বিত করতে কোনো নির্দেশনা পাইনি। বাইডেনকে দেয়া তার চিঠিতে এভাবেই পুরো বিষয়টি উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, ‘অনলাইনে, ফোনে এবং ই-মেইলে হুমকি পেয়েছি যাতে আমার নিরাপত্তা, আমার পরিবার, কর্মকর্তা এমনকি আমার পোষা প্রাণীটিকে জড়ানো হয়েছে যাতে সময়ের আগেই আমি সিদ্ধান্ত নেই। এমনকি হাজার হাজার হুমকির মুখেও আমি আইনকে সর্বাগ্রে রাখতে অঙ্গীকারাবদ্ধ ছিলাম।’
