×

বহাল থাকছে হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক স্বাক্ষরিত রায়টি বুধবার প্রকাশ করা হয়।

এ মামলায় হাজী সেলিম বর্তমানে জামিনে রয়েছেন।

গত বছরের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রায় ১৪ বছর আগে বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন।

ওই রায়ে সম্পদের তথ্য গোপনের অভিযোগে জজ আদালতের দেওয়া তিন বছরের কারাদণ্ড থেকে অব্যাহতি পেয়েছিলেন সেলিম।

রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে বলা হয় তাকে। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার জামিননামা বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশও দিয়েছিলেন হাই কোর্ট।

এর আগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১০ বছর ও তথ্য গোপনের দায়ে তিন বছরসহ মোট ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

এর পর ২০০৯ সালের অক্টোবরে রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের জানুয়ারিতে হাই কোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করে দুদক।

পরবর্তী সময়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। এরপর গত বছরেরর ৩১ জানুয়ারি হাইকোর্টে পুনঃশুনানি শুরু হয় এবং ৯ মার্চ ওই রায় ঘোষণা করা হয়।