নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘নিরাপত্তাবাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নেই’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিকমিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
বাংলাদেশে কেউ গুম হয় না, কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা কিভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাদেরকে সামনে আনা হবে।
পাহাড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে কিছু সমস্যা আছে। সেনাবাহিনী কাজ করছে। সেখানে অনেক ধরণের ষড়যন্ত্র কাজ করে। শান্তি চুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।
