নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নানা বিতর্ক চলছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নায়িকা নিপুণ দাবি করেছেন জায়েদ খান চক্রান্ত করে ভোটে জিতেছেন। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জায়েদ খানের সঙ্গে উচ্চ পর্যায়ের কোনো এক ব্যক্তির আলাপের স্ক্রিনশট প্রকাশ করেন নিপুণ। সেখানে দেখা যায়, কাঞ্চন-নিপুণদের হারানোর জন্য অপকৌশল অবলম্বন করছেন জায়েদ। বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন জায়েদ খান। তিনি বলেন, আমার সহকর্মী গতকাল এক সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। তিনি একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেটা কিনা ফেইক। এই স্ক্রিনশট আমি আগেই পেয়েছিলাম।
জিডিও করে রেখেছিলাম, আমি এই স্ক্রিনশট সাইবার ক্রাইম ইউনিটকে দেই। তারা তিন দিনএটা তদন্ত করে জানিয়েছে এটা ফেইক। আমার নাম ব্যবহার করে অ্যাপসের মাধ্যমে এই স্ক্রিনশট বানানো হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আর আমাকে হেয় করার জন্যই এই ষড়যন্ত্র। এভাবে আমার মানহানি করা হয়েছে। আমি আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবো। আইজি সাহেবের সাথে কথা হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেই আমি মনে করি। জায়েদ বলেন, চিত্রনায়িকা মুনমুন আপাকে ভোটের দিন যে টাকা দেয়ার কথা বলা হচ্ছে এটাও ষড়যন্ত্র। মুনমুন আপা এরইমধ্যে একটি ফেসবুক লাইভের মাধ্যমে বিষয়টি পরিস্কার করেছেন।
আমাকে হেয় করার জন্যই এই ষড়যন্ত্র, সংবাদ সম্মেলনে জায়েদ খান
