নিজস্ব প্রতিবেদক: নওগাঁর সাপাহারের হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গরু ব্যাবসায়ি নিহত হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৬ পিলারের ১এস এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যাবসায়ির সাথে কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীন এর ছেলে সালাউদ্দীন (৩০)ও গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
পরে তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফের টহলরত জোয়ানরা তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সালাউদ্দীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সকালে সংবাদটি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দীনের মরাদেহটি ভারতীয় কাঁটাতারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখন্ডে পড়ে থাকতে দেখা যায়।
সাপাহারের হাপানিয়া বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য মেসেজ পাঠানো হয়েছে। লাশ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
