নিজস্ব প্রতিবেদক: বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় পাঁচ জেলায় আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া
গাবতলীতে সংঘর্ষের সময় গুলিতে নারী-সহ পাঁচ জন নিহত হয়েছেন।
বুধবার রাতে ভোটগণনা চলাকালে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে কালাইহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিজিবির গাড়ি ভাঙচুর করা হয় বলেও খবর পাওয়া গেছে।
এর আগে, বিকেলে ভোটগ্রহণ চলাকালে বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে জাকির নামে এক ব্যক্তি নিহত হন। নিহত জাকির উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত লয়া মিয়ার ছেলে। ভোট চলাকালীন ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভ করেছিলেন তিনি। এ তথ্য নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম।
চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর সিংহরা ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অংকর দত্ত (৩৮) নামে যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত অংকুর সিহংরা গ্রামের দত্ত বাড়ির নেপাল দত্তের ছেলে এবং টিউবয়েল প্রতীকের সদস্য প্রার্থী ধনঞ্জয় বিশ্বাসের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
চাঁদপুর
চাঁদপুরে কচুয়ার ও হাইমচরে সহিংসতায় দুই জন মারা গেছেন।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, কচুয়া উপজেলার সাচার এলাকায় নিহত যুবকের নাম শরীফ হোসেন। তার বাবার নাম শহীদ উল্লাহ। দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলকালে ছুরিকাঘাতের শিকার হন শরীফ। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহেরচরে বিকেল সাড়ে ৩টায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে একজন মারা গেছেন।
হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোল্লা বলেন, নীলকমল ইউনিয়নে এক জন মারা গেছেন। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছলেমন খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার দুপুরের দিকে ছলেমন খাতুন ভোট দিতে বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে যান। এ সময় ৫নং ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে ওই নারী হার্ট অ্যাটাক করেন।
গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রে ইউপি সদস্য প্রার্থীর সমর্থককে ধারালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪৩)। তিনি একই ইউনিয়নের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, নির্বাচনী সহিংসতায় আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
