নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শীর্ষ দুই নেতাকে ছাড়াই নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছে গণফোরাম ও বিকল্পধারা বাংলাদেশ।
রোববার সন্ধ্যায় দল দুটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে সংলাপে অংশ নেয়।
গণফোরাম সভাপতি কামাল হোসেন সংলাপে যাননি; ছিলেন না বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও।
আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে প্রথমে বসে গণফোরাম, দলের নেতৃত্ব দেন নির্বাহী সভাপতি মোকাব্বির খান।
দলের সভাপতি কামাল হোসেন কেন আসেননি- জানতে চাইলে মোকাব্বির সাংবাদিকদের বলেন, জানেন তো উনি অসুস্থ। বিভিন্ন অনুষ্ঠানেই উনি যান না।
বিকল্পধারার সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব আবদুল মান্নান। বি চৌধুরী না গেলেও তার ছেলে দলের মুখপাত্র মাহী বি চৌধুরীও প্রতিনিধি দলে ছিলেন।
গণফোরামের সঙ্গে আলোচনার বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়াই এই আলোচনার লক্ষ্য। তিনি বলেছেন, রাজনীতিবিদদের অনুকরণীয় এমন কিছু করা দরকার যা থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে পারে।
প্রেস সচিব জানান, গণফোরামের প্রতিনিধি দল নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ কয়েকটি প্রস্তাব দেয়।
বিকল্প ধারার সঙ্গে আলোচনার প্রসঙ্গে জয়নাল আবেদীন বলেন, তারা নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন-সহ তিন দফা সুপারিশ পেশ করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
গত ২০ ডিসেম্বর প্রথম দিনে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে সংলাপে বসে রাষ্ট্রপতি হামিদ।
এখন পর্যন্ত মোট ১০টি রাজনৈতিক দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।
