নিজস্ব প্রতিবেদক, ঢাকা : শ্যামপুর বহুমুখি হাই স্কুল এন্ড কলেজের বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষক অলিউর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা চলমান অবস্থায়ই পুর্নবহালের নির্দেশ দিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।
অর্থ আত্মসাত ও দূর্নীতির অভিযোগে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞ সহকারী জজ ৬ষ্ঠ আদালত ঢাকায় ২ জানুয়ারী মামলা রুজু করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে শুনানী কার্যক্রম অব্যহত রেখেছেন। আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তি শুনানী হবে।
আদালতের নির্দেশ ছাড়াই গত ২৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন।
মামলার বাদি স্কুলের গর্ভনিং বডির শিক্ষক প্রতিনিধি লতিফা খানম, অলিউর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকার বিষয়টি লিখিতভাবে বোর্ড কর্তৃপক্ষ, আরবিট্রেশন বোর্ড ও জেলা প্রশাসকের তদন্ত সকল পক্ষকেই সরবরাহ করা হয়েছে।
মামলার নথি ও স্কুল সূত্রে জানা গেছে, সাবেক প্রধান শিক্ষক অলিউর রহমাকে ৫৪ লাখ টাকা আত্মসাত ও ব্যপক দূর্ণীতির অভিযোগে বরখাস্ত করা হয়। পরে বিষয়টি নিয়ে তিনি শিক্ষা বোর্ডে পিটিশন দায়ের করেন। তদন্ত চলাকালীন তিনি ও স্কুল কর্তৃপক্ষ উভয় আদালতে মামলা করেন। তখন বোর্ড উভয় পক্ষকে আদালতের আদেশের থাকার নির্দেশ দেয়। ইতমধ্যে বরখাস্তকৃত অলিউর রহমান তার মামলা তুলে নিয়ে বোর্ডে আবেদন করেন। সেই প্রেক্ষাপটে বোর্ড পুন তদন্তের নির্দেশ দেন। অথচ স্কুলের করা মামলা এখনো চলমান রয়েছে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিজা আহমেদ বলেন, আদালতে বিচারাধিন বিষয়ে অজ্ঞাত কারনে তড়িঘড়ি করে পুনঃবহালের নির্দেশ দেয়া হয়েছে । তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করবেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, ওই প্রধান শিক্ষক অলিউর রহমানের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি তারা জানেন না। বাদি পক্ষ একটি আবেদনসহ মামলার নথি আরবিট্রেশন বোর্ডে জমা দিতে পারেন।
