স্পোর্টস ডেস্ক: আইসিসি’র কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ। সেই ম্যাচেই দারুণ এক জয় তুলে নিলো যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। আজ (বুধবার) ফ্লোরিডার লডারহিলে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ২৬ রানে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ৬ উইকেটে ১৬২ রানে থামে আয়ারল্যান্ড।
এদিন ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৪ ওভারের মধ্যে ১৬ রানেই ৪ উইকেট খুইয়ে ফেলে তারা। পঞ্চম উইকেটে সুশান্ত মোদানি (৩৯ বলে ৫০) ও গজানন্দ সিংয়ের (৪২ বলে ৬৫) ১১০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ দিকে মার্টি কেইনের ১৫ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে যুক্তরাষ্ট্র পায় বড় সংগ্রহ।
১৮৯ রানের লক্ষ্যে খেলতে নামা আয়ারল্যান্ডের শুরুটা ভালোই ছিল।
ওপেনার পল স্টার্লিয়ের ১৫ বলে ৩১ রানের সুবাদে ৪.৫ ওভারে ৪১/২ তোলে সফরকারীরা। তিনে নামা লরকান টাকার ৪৯ বলে ৫৭ রানের ইনিংস উপহার দেন। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় লক্ষ্যে পৌঁছুতে পারেনি আয়ারল্যান্ড।
আইরিশদের বিপক্ষে ২৬ রানের স্মরণীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে যুক্তরাষ্ট্র। জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইট করেছেন, ‘দারুণ জয়। ইউএসএ আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে।’ আর হারের পর আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি বলেন, ‘আয়ারল্যান্ডের হার প্রাপ্য ছিল। উইকেট ভালো ছিল। জানতাম এমন উইকেটে ১০ উইকেট নেয়া কঠিন। আমরা না পেরেছি পর্যাপ্ত সুযোগ তৈরি করতে না পেরেছি ঠিক মতো বল করতে। তারা অসাধারণ খেলেছে, আমরা বাজে বল করেছি তাদের তারা সেগুলো কাজে লাগিয়েছে। এটা হতাশার যে আমরা ভালো খেলতে পারিনি। তাই হারটা আমাদের প্রাপ্য।’
বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। তাদের চেয়ে ১৩ ধাপ পিছিয়ে ৩০তম স্থানে যুক্তরাষ্ট্র। কিন্তু র্যাঙ্কিং যে কোনো বিষয়ই না যুক্তরাষ্ট্র সেটা মাঠেই প্রমাণ করে দিলো।
