নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. মাহবুব তালুকদার।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ইউনিয়ন পরিষদ নির্বাচন (চতুর্থ ধাপ) বিষয়ক আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসি মাহবুব তালুকদার বলেন, একটা হিন্ট দেখা যাচ্ছে, ৩৬০ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এইটা একটা সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের নতুন করে চিন্তা করতে হবে। নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা থেকে উদ্ধার পেতে পারি কিনা।
তিনি আরও বলেন, আগামীতে যারা দায়িত্বে আসবেন নির্বাচন কমিশনে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো ভেবে দেখবেন। গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা, এইটা বোধ হয় সম্ভব না; সমীচীনও নয়।
ষষ্ঠ ধাপের নির্বাচনে সর্বত্র ইভিএম ব্যবহার করা হবে জানিয়ে তিনি বলেন, বর্তমান কমিশনের আয়ুষ্কাল আর মাত্র ৫৫ দিন। সামনের নির্বাচনগুলোতে আরও ভালো করতে চাই। শেষটা ভালো করে সবটা ভালো করতে চাই। সেভাবেই কমিশন কাজ করছে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মো. তানভীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
