×

নাঈমকে চাপা দেওয়া গাড়ির মূল চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির মূল চালক হারুনকে গ্রেপ্তার করেছে র্যা ব।

আজ শুক্রবার বিকেলে র্যা বের মুখপাত্র খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএসসিসির ময়লার গাড়ির মূল চালক হারুনকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সময় ময়লার ওই গাড়িটি নিজে না চালিয়ে বদলি চালক রাসেল খানকে দিয়ে চালাচ্ছিলেন হারুনকে। পুলিশ রাসেল খানকে ঘটনার পরই গ্রেপ্তার করে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, অবৈধভাবে গাড়ি বরাদ্দ নিয়ে তা চালানোয় পরিচ্ছন্নকর্মী হারুন মিয়া ও এ কাজে সহযোগিতা করায় পরিচ্ছন্নকর্মী আব্দুর রাজ্জাককে কর্মচ্যুত করা হয়েছে।

তিনি জানান, বরাদ্দ গাড়ি নিজে না চালিয়ে নিয়মবহির্ভূতভাবে অন্যকে চালাতে দেওয়ায় করপোরেশনের গাড়িচালক (ভারী) মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর সকালে রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ি চাপায় নিহত হন নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে। ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নকর্মী। তার নাম রাসেল খান। মূল চালক হারুন ঘটনার পর গা ঢাকা দেন। এ ঘটনায় সিটি করপোরেশনও একটি তদন্ত কমিটি গঠন করছে।