×

জামালপুরে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনার টিকা

জামালপুর প্রতিনিধি: জামালপুরে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে করোনার টিকা। ৫ দিনে টিকা পাবে ২৪ হাজার পরীক্ষার্থী। তাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

৫ দিনের প্রথম দিন রবিবার (২১ নভেম্বর) সকালে শহরের মির্জা আজম অডিটরিয়ামে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

জামালপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোকলেছুর রহমান, সিভিল সার্জন ডা প্রণয় কান্তি দাস, ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনিরা মুস্তারী ইভা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উত্তম কুমার সরকার প্রমুখ।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, প্রথম দিন সদর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৫শ জন পরীক্ষার্থীকে করোনার টিকা দেয়া হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে এই কার্যক্রম। প্রতিদিন একই সময়ে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে। ৫ দিনে জেলার ২৪ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা দেয়া হবে। টিকার পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তিনি।

কাল সোমবার টিকাদানের দ্বিতীয় দিনে জামালপুর সদর ও বকশীগঞ্জ উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এছাড়া আগামী সপ্তাহ থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে।

টিকা নিতে আসা শিক্ষার্থীরা জানান, পরীক্ষার আগে ভ্যাকসিন গ্রহণ করতে পেরে অনেকটাই শঙ্কামুক্ত।