জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, নির্বাচনে শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকেই বিজয়ী করবেন। প্রার্থী পছন্দ না হলেও শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে নৌকায় ভোট দিবেন। কোনো নেতা যদি নৌকার বিরদ্ধে নির্বাচন করে, নৌকাকে ডুবাতে চেষ্টা করে তবে তাকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। কোনো অবস্থাতেই তাকে আর দলে নেওয়া হবে না।
শুক্রবার দুপুরে মেলান্দহ সদর ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
পৌ আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগর সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, সহ-সভাপতি হাজি দিদার পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গন্দা, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জিনাহ প্রমুখ।
এ সময় মির্জা আজম এমপি জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের এক হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
