×

গাজীপুরের পূবাইলে লুন্ঠিত মালামাল উদ্ধার ॥ ২জন আটক

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী : গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকা থেকে লুন্ঠিত অটোরিকশার বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।

লুট হওয়ার ১৫ দিন পর বুধবার নোয়াখালীর সুধারম থানা এলাকা থেকে প্রায় ১৯ লক্ষ টাকার অটো রিকশার যন্ত্রাংশ উদ্ধার করেন পূবাইল থানার এস.আই জাহাঙ্গীর আলম ও জামিল উদ্দিন রাশেদ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

আটকৃতরা হলো-ফেনী জেলার দাগন ভূইয়া থানার চন্দ্রপুর বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে শামিম হোসেন(২৪) ও লক্ষীপুর জেলার রামগতি থানার পশ্চিম চরসিতা এলাকার হারুনুর রশিদের ছেলে মিরাজ হোসেন (১৮)।

পূবাইল মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া সাংবাদিকদের জানান, ১৯ লক্ষ টাকা অটো রিকশার যন্ত্রাংশসহ দুইজন আটক করেছি। গাজীপুরের চন্দ্রা সিনেমা হল বিল্ডিংয়ের লুমিনাস অটো রিকশা কারখানার ২২টি অটোযন্ত্রাংশ রাজবাড়ী জেলার ডিলারের নিকট পৌঁছে দেয়ার জন্য বনফুল ট্রান্সপোর্ট এজেন্সিকে ভাড়া করেন। কিন্তু ড্রাইভার নিউ বাংলাদেশ ট্রান্সপোর্ট এজেন্সির স্টিাকার লাগিয়ে অটো রিকশার যন্ত্রাংশ নিয়ে পূবাইল থানার ৪২নং ওয়ার্ডে নারায়ণকুল এলাকার বাইপাস সড়ক থেকে কোম্পানীর মেকানিককে নামিয়ে উধাও হয়ে যায় গাড়িটি। এটি একটি সংঘবদ্ধ চক্র। পুরো চক্রটিকে ধরার চেষ্টা চলছে।

কারখানার মালিক আবুল হোসেন বাদি হয়ে পূবাইল থানায় একটি মামলা করেন। মামলার ১৫ দিন পর সম্পূর্ন মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পূবাইল থানা পুুলিশ।