নিজস্ব প্রতিবেদক, চাপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধানবোঝাই ভটভটি উল্টে ৭ কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন কৃষক ।
১৮ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনায় হতাহত হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
তিনি বলেন, বরেন্দ্র এলাকা থেকে ধান কাটার পর মজুরির ধান ভটভটিতে বোঝাই করে ওই ব্যক্তিরা বাড়ি ফিরছিলেন। তাঁরা ভটভটিতে ধানের ওপর বসেছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার বারিকবাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভটভটিটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ছাড়া আহত লোকজনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
