নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলি এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছেন। গতকাল রাতে উত্তর কাট্টলি এলাকার কমিউনিটি সেন্টার মোড় এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. শাহাজাহান (২৫), সাজেদা বেগম (৪৫), স্বাধীন (৭), রেশমি আক্তার মাহি (১০), দিলরুবা বেগম, (২২) ও জীবন (১৪)। আহতদের রাতেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, ফ্ল্যাটের একটি কক্ষ বন্ধ ছিল। সেখানে রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন বলেন, দগ্ধদের মধ্যে দিলরুবা বেগম ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের কারও শরীরের ৩৫ থেকে ৮৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
