নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে আমানত শাহ নামে একটি রো রো ফেরি যানবাহনসহ হেলে পড়েছে।
ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পানিতে ডুবে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জিল্লুর রহমান বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
