নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শতাধিক নেতা-কর্মী বাস পোড়ানোর মামলায় আগাম জামিন পেয়েছেন।
বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নেতা-কর্মীদের জামিন আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার এই আদেশ দেন।আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই নেতা-কর্মীদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাস পোড়ানো হয়।
এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা হয়। এসব মামলায় বিএনপির কয়েক শ নেতা-কর্মীকে আসামি করা হয়।
আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, শাহজাহান ওমর, সালাউদ্দিন দোলন, রুহুল কুদ্দুস, মজিবুর রহমান ও কাজী মো. জয়নাল আবেদিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান।
