×

গাজীপুরে বজ্রপাত প্রতিরোধী তালবীজ বপণ

গাজীপুর প্রতিনিধি : বজ্রপাত প্রতিরোধী তালগাছ আবাদের লক্ষ্যে ২৬৭৭টি তালবীজ রোপণ করা হয়েছে। গ্রামাঞ্চলে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় পরিবেশ বিজ্ঞানীদের পরামর্শে এই কর্মসূচী পালন করা হয়।

আজ বুধবার গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থী ব্যাচের শিক্ষার্থীদের ৩৯০টি বীজ রোপণের মাধ্যমে এই কর্মসূচী সম্পন্ন করা হয়।

কলেজের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকি জানান, এবছর কমপক্ষে ২০২১টি তালবীজ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত ২রা সেপ্টেম্বর এ কর্মসূচি উদ্বোধন করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রবল আগ্রহে গাজীপুর মহানগর, গাজীপুর সদর এবং শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ২৬৭৭টি তালবীজ রোপণ করা হয়।

তিনি আরও জানান, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় ইকবাল সিদ্দিকী কলেজের রাস্তার দু’পাশে, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির জমির দু’পাশের রাস্তায় এবং আশেপাশের এলাকার সকল রাস্তার পাশে ৫৩৫টি, গাজীপুর সদর উপজেলার নয়নপুর-বহেরাতলী-পিঙ্গাইল সড়কের পাশে ৪৫০টি, বহেরাতলী-পিঙ্গাইল রাস্তায় ১৩৫টি, ধরানীচালা গ্রামের রাস্তার পাশে ২৭৫টি, হালডোবা-কড়ইতলী রাস্তার পাশে ৫০টি, নয়নপুর পশ্চিম পাড়া-রুদ্রপুর রাস্তার পাশে ৩২৮টি, নয়নপুর নতুন পাড়া- জানাকুর রাস্তার পাশে ৪৭৪টি এবং শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর- ফাওগান রাস্তার পাশে ৪৩০টি তালের বীজ রোপণ করে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (রিসার্চ অফিসার) মোঃ আশরাফ উদ্দিন বলেন, এটা অবশ্যই ভালো কাজ হয়েছে। তালগাছ ন্যাচারাল লাইটনিং এরেস্টর হিসাবে বজ্রপাত শোষে নিয়ে মাটিতে ডিসচার্জ করে। এতে আশপাশে অবস্থিত প্রানীকূল ক্ষতির হত থেকে রক্ষা পায়।